বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৫:২৮

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে পূণ্যার্থীর ঢল

ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে আজ জেলার হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পূণ্যার্থীর সমাগম ঘটেছে। 

ভগবানের কৃপা লাভ ও পাপমুক্তির আশায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ অংশ নেন এ স্নানোৎসবে। ভোরের আলো ফুটতেই নদীর তীরে ভিড় করেন পূণ্যার্থীরা, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত স্নান উৎসব অনুষ্ঠিত হয়। 

হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ স্নান উৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। উৎসবকে ঘিরে নদীর তীরজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

অষ্টমী স্নান পরিদর্শনে এসে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের ধর্মীয় উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।

স্নানোৎসবে অংশ নিতে আসা পূণ্যার্থী তপন চন্দ্র দাস বলেন, প্রতিবছরের মতো এবারও পরিবার নিয়ে অষ্টমী স্নানে এসেছি। এখানে আসলে মনটা শান্তি পায়।

পূণ্যার্থী পূজা রাণী বিশ্বাস জানান, আমরা বিশ্বাস করি এ স্নানের মাধ্যমে পাপমুক্তি হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন পাপমুক্তির আশায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।