শিরোনাম

রাজশাহী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র্যাব-৫।
গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান এবং ৬টি রাবার বুলেট পাওয়া যায়।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের থেকে জানা গেছে, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করছিল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত মালিক বা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেটগুলো সাধারণ ডায়েরি মূলে জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।