শিরোনাম

কক্সবাজার, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): জেলার চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।
আজ ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু আলাদা মোটরসাইকেলে একই পথে যাচ্ছিলেন। ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বাসস’কে জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে।