শিরোনাম

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী নিজ পরিবারের সদস্য ও খালা-খালু-মামা-মামীসহ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের নিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।’
তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিদেশি কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের সদস্যরা।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান উপস্থিত ছিলেন।
শেরেবাংলা নগর থেকে গুলশানের বাসভবনে ফিরে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রায় দেড় দশকেরও বেশি সময় পর এটি দেশে তারেক রহমানের প্রথম ঈদ। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন।
গত বছরের ২৫ ডিসেম্বর তিনি পরিবারসহ বাংলাদেশে ফিরে আসেন এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।