শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা।
আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠককালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য সেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ-পূর্ব ও দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।
বৈঠককালে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য আইআরসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুধু দেশের দক্ষিণাঞ্চলেই নয়, সমগ্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সম্পর্কিত যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
মন্ত্রী বাংলাদেশের নারীদের কেয়ার ইকোনমিতে অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে আইআরসিকে সহযোগিতার আহ্বান জানালে আইআরসি প্রতিনিধি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী ও শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হলে, তার সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে হাসিনা রহমান বিশ্বের বিভিন্ন দেশে আইআরসি পরিচালিত কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ইসঙ্গে তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা প্রদানসহ কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও বিভিন্ন বিষয়ের সহায়তা প্রদানের বিষয়ে আলোকপাত করেন।