শিরোনাম

ফেনী, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ফেনীর সোনাগাজীতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলা বিএনপি আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে যায়।