বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৫:১২

কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার খোকন

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি

নোয়াখালী, ১৩ মার্চ,২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলার সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল, খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।