বাসস
  ১১ মার্চ ২০২৬, ২১:৩২

মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে ওয়াশিংটন থেকে পাঠানো এএফপির প্রতিবেদন নিচে তুলে ধরা হলো: 

আমিরাত উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন।

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে তিন ঘণ্টাব্যাপী হামলায় ইসরাইলের বিভিন্ন শহর- যেমন তেল আবিব, হাইফা ও জেরুজালেমের পশ্চিম অংশ লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটিই ছিল ‘সবচেয়ে তীব্র ও ভারী’ হামলা। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতি উদ্ধৃত করা হয়।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত

সৌদি আরব জানিয়েছে, বুধবার প্রিন্স সুলতান মিান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশের পূর্বাঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্রের দিকে আসা সাতটি ড্রোন এবং পূর্বাঞ্চলের দিকে আসা আরও আটটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি ও মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে কুয়েত কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালীর কাছে ১৬ ইরানি নৌকা ধ্বংস

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রলালীর কাছে মাইন পেতে দেওয়ার কাজে ব্যবহৃত ইরানের ১৬টি নৌযান ধ্বংস করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান যদি প্রণালীতে মাইন পেতে দেয় তবে পরিস্থিতি ভয়াবহভাবে উত্তেজিত হবে।

তেলের দাম কমেছে

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেলের দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে, এমন এক প্রতিবেদনের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়।

বুধবার গ্রিনউইচ সময় ০০:৪০ টায়  ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ব্যারেলপ্রতি ৮৭.০৬ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম হয় ৮২.৬০ ডলার।

ইরানি নারী ফুটবল দলের সদস্যদের আশ্রয় প্রার্থনা

ইরানের নারী ফুটবল দলের আরও এক খেলোয়াড় ও একজন সহায়ক কর্মী অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির সরকার।

ম্যাচের আগে এক প্রতিবাদের কারণে দেশে তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেওয়া হয়েছিল।

এর আগে দলের আরও পাঁচ সদস্য আশ্রয় প্রার্থনা করেছেন। বাকি সদস্যরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

বৈরুতে ইরানি কূটনীতিক নিহত

ইরান অভিযোগ করেছে, সপ্তাহান্তে বৈরুতের সমুদ্রতীরবর্তী একটি হোটেলে হামলা চালিয়ে তাদের চার কূটনীতিককে হত্যা করেছে ইসরাইল।

তবে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি অভিযান শাখা কুদস ফোর্সের  গুরুত্বপূর্ণ কমান্ডারদের লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালিয়েছিল।

লেবাননে নতুন ইসরাইলি হামলা

ইসরাইলি সেনাবাহিনী লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর বৈরুতের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালানো হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন।

গত সপ্তাহে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে দেশটি যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই হামলা ছিল যুক্তরাষ্ট্র-ইসরাইলি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়া।

হরমুজে ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নয়

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো হরমুজ প্রণালী দিয়ে কোনো তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়নি।

এর আগে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এমন দাবি করা হয়েছিল, পরে তা মুছে ফেলা হয়। এ ঘটনার ফলে তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা দেয়।

প্রায় ১৪০ মার্কিন সেনা আহত

পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধ চলাকালে বিভিন্ন হামলায় প্রায় ১৪০ মার্কিন সেনা আহত হয়েছেন।

এর আগে সংঘাতের শুরুতে সাত মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী।

যুদ্ধবিরতি নয়

ইরানের পার্লামেন্টের স্পিকারমোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক মাধ্যমে বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা ভবিষ্যতে আর কখনো ইরানে হামলার সাহস না পায়।

উপসাগরীয় দেশগুলোতে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোন প্রতিরক্ষা বিষয়ে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা এই সপ্তাহে কাতার, আরব আমিরাত ও সৌদি আরব সফর করবেন।

নিরাপত্তা ক্যামেরা হ্যাক

ইসরাইলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে নিরাপত্তা ক্যামেরায় ‘ডজনখানেক ইরানি অনুপ্রবেশ’ শনাক্ত করা হয়েছে।

তারা জনগণকে পাসওয়ার্ড ও সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানিয়েছে।

গুপ্তচরের অভিযোগে গ্রেপ্তার

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর পক্ষে’ কাজ করার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে একজন বিদেশিও রয়েছেন, তবে তার জাতীয়তা প্রকাশ করা হয়নি।

বৃহৎ তেল শোধনাগার বন্ধ

বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার রুওয়াইস-এ ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

শোধনাগারটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত।