বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২৩:৪৯
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২৩:৫০

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ও সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংশ্লিষ্ট জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ প্রদান করবেন।

সরকারের টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করার অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে মাঠ পর্যায়ে এই তদারকি ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে। 

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।