বাসস
  ০৫ মার্চ ২০২৬, ২০:২৪
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২০:৪৯

ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : ইসরাইল বৃহস্পতিবার ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরান কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা জোরদার করেছে। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

তেহরান থকে এএফপি জানায়, সংস্থার সাংবাদিকরা তেহরান ও দোহায় জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

কাতারের রাজধানীর আকাশে দূরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছে। এতে পুরো অঞ্চল জড়িয়ে পড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তিগুলোকেও টেনে আনছে এবং সমুদ্রপথে বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।

যুদ্ধের প্রভাব শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত পৌঁছেছে, যেখানে একটি মার্কিন সাবমেরিন একটি ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলা চালিয়েছে। এছাড়া একটি ড্রোন হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজারবাইজান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

আজারবাইজান জানিয়েছে, এ হামলার ‘জবাব দেওয়া হবে’ এবং প্রয়োজনীয় প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে আরও একটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

লেবাননে ইরানসমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার পর রাজধানী বৈরুতে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে এএফপিটিভির ছবিতে দেখা গেছে।

অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা ইরাকভিত্তিক কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে ইরানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে অস্ট্রেলিয়া দুটি সামরিক বিমান ওই অঞ্চলে মোতায়েন করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, প্রয়োজন হলে কানাডার সশস্ত্র বাহিনীও যুদ্ধে অংশ নিতে পারে।

যুদ্ধের প্রভাব ন্যাটো সদস্য তুরস্ক পর্যন্ত পৌঁছেছে। জোটটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকাশসীমার দিকে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। পরে তুরস্ক এ ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

‘আমি ভয় পাই না’

বৃহস্পতিবার তেহরানে হামলার পর এএফপিটিভির ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে। 

কিছু স্থান থেকে তখনও ধোঁয়া উঠছিল।

তেহরানের ৩০ বছর বয়সী এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমরা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ এক সময় পার করছি এবং আমি ভয় পাই না। এখন আমাদের কাছে একমাত্র জিনিস হলো আশা।’

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১,০৪৫ জন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একটি ক্রীড়া কমপ্লেক্স, ফুটবল স্টেডিয়াম, পৌর ভবন এবং বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেটব্লকস পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে ইন্টারনেট কার্যত প্রায় এক শতাংশ ক্ষমতায় নেমে এসেছে, ফলে দেশটি প্রায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, তাদের লক্ষ্য হলো ‘ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার গুরুতর ক্ষতি করা, যতক্ষণ না তারা অস্তিত্বগত হুমকি দূর করে।’

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাদের যৌথ সামরিক অভিযানে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং অভিযান ‘শেষ পর্যন্ত’ চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।

‘আমরা আত্মসমর্পণ করব না’

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হওয়ার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও পরে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

লেবাননে ইসরাইল জানিয়েছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর কয়েকটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভোরের দিকে একটি ড্রোন হামলায় ত্রিপোলির কাছে বেদ্দাভি শরণার্থী শিবিরে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াসিম আতাল্লাহ আল-আলি এবং তার স্ত্রী নিহত হয়েছেন।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে দেশটিতে অন্তত ৭২ জন নিহত, ৪৩৭ জন আহত এবং প্রায় ৮৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উপসাগরীয় দেশেও হামলা

যুদ্ধের প্রভাব উপসাগরীয় ধনী রাজতন্ত্রগুলোতেও পড়েছে, যেগুলো সাধারণত অস্থির অঞ্চলের মধ্যে তুলনামূলক নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়।

যুদ্ধ শুরুর পর উপসাগরীয় দেশগুলোতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে কুয়েতে এক ১১ বছর বয়সী মেয়েও রয়েছে।

কাতার জানিয়েছে, দোহায় তীব্র বিস্ফোরণের মধ্যেই তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এর আগে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলাও প্রতিহত করা হয়েছিল।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।

বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য দীর্ঘস্থায়ী অস্থিরতার সময় তৈরি করতে পারে।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, তেলবাহী জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

কুয়েত উপকূলে একটি তেলবাহী জাহাজে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যার ফলে তেল ছড়িয়ে পড়েছে।

এদিকে জ্বালানি ঘাটতির আশঙ্কায় দক্ষিণ কোরিয়া ৬৮ বিলিয়ন ডলারের বাজার স্থিতিশীলতা তহবিল সক্রিয় করার ঘোষণা দিয়েছে। আর চীন তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ রাখতে বলেছে বলে জানা গেছে।

বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া ও পর্যটকদের আটকে পড়ার কারণে পর্যটন খাতও বড় আঘাত পাচ্ছে।

জর্ডানের উত্তরাঞ্চলের ইরবিদ শহরের ট্যুর গাইড নাজিহ রাওয়াশদেহ বলেন, ‘তিন দিন আগে আমার শেষ পর্যটক দল চলে গেছে। মার্চে আসার কথা ছিল এমন সব দল তাদের সফর বাতিল করেছে। এখানকার পর্যটন মৌসুম এখনই শুরু হওয়ার কথা ছিল। এটি সত্যিই বিপর্যয়কর।’