বাসস
  ০২ জুলাই ২০২৬, ২১:১৫

মাগুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ছবি : বাসস

মাগুরা, ২ জুলাই, ২০২৬, (বাসস): শহরের ভায়না এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘আবালপুর ড্রাগ হাউস’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রতারণামূলকভাবে পুরনো ওষুধের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ভরে বিক্রি করে আসছিল।

এছাড়া, ওষুধের গুণগত মান বজায় রাখার জন্য ফ্রিজে যে নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করার কথা, তা মানা হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে মাগুরা জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।