বাসস
  ০২ জুলাই ২০২৬, ২০:২৪

শরীয়তপুরে শাক সবজির বাজার স্থিতিশীল, ক্রেতারা স্বস্তিতে

চব ঃ বাসস

শরীয়তপুর, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় শাক সবজির বাজার স্থিতিশীল থাকায় ক্রেতারা স্বস্তিতে রয়েছেন। গত তিন সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম নিম্নমুখী রয়েছে।

জেলার বৃহৎতম সবজির বাজার কাজির হাট, আঙ্গারিয়া, ভোজেশ্বর বন্দর ও পালং বাজার ঘুড়ে জানা গেছে, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বর্ষাকালীন শাক-সবজির উৎপাদন ও আমদানি সন্তোষজনক হওয়ার ফলে দরদাম ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে রয়েছে।

জেলার বিভিন্ন হাটবাজারে খুচরা পর্যায়ে শশা ৫০ থেকে ৬০, করলা ৫০ থেকে ৬০, পটল ৩০ থেকে ৪০, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫, ঢেঁড়স ৩০ থেকে ৩৫, কাঁচা কলার হালি ২০ টাকা, কচুরমুখি ৫০, লাউ প্রতি পিস ৫০-৬০, পুঁই শাক ২৫-৩০, লেবু প্রতি হালি ৫ থেকে ১০ টাকা দরে দরে বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে তা আরও কম।

এ প্রসঙ্গে জেলা শহরের পালং মধ্যবাজারে কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম বলেন, গত তিন সপ্তাহ যাবৎ কাঁচা বাজার স্থিতিশীল রয়েছে।

জেলার অন্যতম বৃহৎ সবজি বাজার কাজির হাটের সবজি ব্যবসায়ী আল ইসলাম বলেন, সব ধরনের শাক সবজির দাম এখন কম। আগের তুলনায় সবকিছু ক্ষেত্র বিশেষ ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে।

পালং মধ্যবাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দেবনাথ বলেন, আমার বাসার সামনে শাক-সবজির বাজার। আগের তুলনায় শাক-সবজির দাম অনেকটা কম।

ভোজেশ্বর বাজারে ইউনানী চিকিৎসক কবির হোসেন বলেন, বর্তমানে শাক সবজির দাম অনেকটা স্থিতিশীল। দু তিন সপ্তাহ ধরে একই অবস্থা বিরাজ করছে।