বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

ছবি : বাসস

‎বাগেরহাট, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।

আজ শনিবার বিকেলে জেলার সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা করা হবে। সর্বোপরি সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। সুন্দরবনকে দূষণমুক্ত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

‎এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।