শিরোনাম

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাবি শিক্ষক সমিতির নামে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর কয়েকজন শিক্ষক কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ করেছে যে, বর্তমানে অকার্যকর এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ কর্তৃক প্রত্যাখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র ব্যানারে পতিত স্বৈরাচারের দোসর কয়েকজন শিক্ষকের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, সাদা দল বর্তমানে অস্তিত্বহীন শিক্ষক সমিতির নামে এই অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।