বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৯

জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শনিবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শনিবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, একটি জাতির আত্মপরিচয় তার মাতৃভাষার সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে। এটি সারাবিশ্বের মানুষের ভাষাগত অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।

তিনি আরও বলেন, এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সম্মান জানিয়েই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এখন বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

এর আগে, উপাচার্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ দিবসের পতাকা উত্তোলন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ ড. এম আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের পর জাবি শিক্ষক সমিতি, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), হল ছাত্র সংসদ, জাবি সাংবাদিক সমিতি, জাবি প্রেসক্লাবসহ বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সন্ধ্যায় শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি)’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেছে।