শিরোনাম

টাঙ্গাইল ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সাথে টাঙ্গাইলে অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
এ সময় তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, জেলা বিএনপিসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর পর নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ এর ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
এরআগে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণীর উদ্যোগে দেশের গান পরিবেশন ও সারাদিন শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায় আলপনা অঙ্কনের আয়োজন করে।
এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।