বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২০

নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাবিপ্রবিতে ‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন

বৃহস্পতিবার শাবিপ্রবিতে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ইলেকশন ল্যাবের উদ্বোধন করেন। ছবি: বাসস

সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশে প্রথমবারের মতো শুধু নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন হয়েছে। নির্বাচন, ভোটের সময় আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে এ ল্যাব কাজ করবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই যে ইলেকশন ল্যাবের যাত্রা শুরু হচ্ছে, এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা ইলেকশনের ডেটা কালেকশন ও পর্যালোচনা করে উপকৃত হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এ বছরের নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে তুলনামূলক ভালো হয়েছে। এই ইলেকশন ল্যাব দেশের পরবর্তী  ইলেকশনগুলো আরও ভালো করার জন্য ভূমিকা রাখবে বলে আশা করি।

ইলেকশন ল্যাব উদ্বোধন সভার সভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান বলেন, ‘বিভাগে প্রথমবারের মত ল্যাব উদ্বোধন একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে পারবে।

ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, এই ল্যাবের লক্ষ্য হলো নির্বাচন-সংক্রান্ত তথ্য ও উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য গবেষণা ফলাফল উপস্থাপন করা এবং গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেকশন ল্যাবের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জায়েদা শারমিন ও অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে সঞ্চলনা করেন ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক। এসময়  বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহামিদা আক্তার, সহযোগী অধ্যাপক  ড. মো. এমদাদুল হক, সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তারসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।