শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্বের নিয়োগপত্র তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী। তারা নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে। তার বাবা আব্দুর রহিম খান। তিনি মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর। শৈশবে ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি এবং বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন।
নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে শায়রুল কবির খান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালের মাধ্যমে। প্রথমে আটপাড়া ও পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে তৃণমূল সাংবাদিকতায় কাজ করার পাশাপাশি তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারম্যানের মিডিয়া উইং ও চেয়ারম্যানের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন শায়রুল কবির খান। পাশাপাশি দৈনিক ও অনলাইন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ, চিন্তা-ভাবনার প্রকাশ ঘটিয়েছেন ।
বিএনপির সবচেয়ে সক্রিয় সেলগুলোর অন্যতম মিডিয়া সেল। ২০০৭ সাল থেকে তিনি বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত। দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করার সময় তাকে অন্যতম সদস্য হিসেবে মনোনীত করেন।
শায়রুল কবির খানের পরিকল্পনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলচ্চিত্রটির প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে বাংলাদেশ টেলিভিশনে তা প্রচারিত হয়েছে।
নিয়মিত লেখালেখি, গান ও গবেষণার পাশাপাশি আবারও সক্রিয় সাংবাদিকতায় ফিরলেন শায়রুল কবির খান। নতুন দায়িত্ব নিয়ে শায়রুল কবির খান বলেন, ‘আমি লেখালেখি এবং দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।’