বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯

জনগণের সেবক হিসেবে কাজ করব : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ফাইল ছবি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি জনগণের সেবক হিসেবে কাজ করব। 

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরো নিবিড় ও অটুট করতে চাই। সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন- অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করলো সে তো মুসলমানই থাকলো না। মহানবী (সা.) এর এই হাদিসের অনুসরণে সরকার সব মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্টান চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারী।