বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১২

ভাসানটেক এলাকায় নারী ও শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দিলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।