বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি : বাসস

সিলেট, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় বিপুলভাবে সংবর্ধিত হলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক জনতা তাকে বরণ করেন।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে আসলে এখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউসে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। অতীতে জনগণের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনেই আমি এ পর্যায়ে এসেছি উল্লেখ করে তিনি আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

নিজ সংসদীয় এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং দলীয় নির্বাচনী ইশতেহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুসহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সিলেট জেলা ও মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রীকে পরিবারের পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়।