শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। সকল রিটার্নিং অফিসারকে এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্র সমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।