বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইল ছবি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

২০১৩-১৪ মৌসুমে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই তারকা ফুটবলার। এর মধ্য দিয়ে তার ১৭ বছরের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অবসান ঘটে। ওই সময় তিনি বেশ কয়েকবার বড় ধরনের ইনজুরিতে পড়েছেন এবং তাকে পাঁচবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

মাঠে গোল পোস্টের নিচে আমিনুলের উপস্থিতি ছিল অত্যন্ত দাপুটে। বাংলাদেশের ফুটবলের এক পরিবর্তনের সময়ে তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।

ফুটবলকে বিদায় জানানোর পর ২০১৪ সালে আমিনুল হক রাজনীতিতে যোগ দেন। রাজনীতির সেই নতুন অধ্যায়ই আজ তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন দায়িত্বে নিয়ে এলো।