বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২

খুবিতে বিজনেস কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘ডুইং ইট ফর দ্য প্লট’

ছবি : বাসস

খুলনা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক ইনট্রা ইউনিভার্সিটি বিজনেস কেস কম্পিটিশন ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ‘ডুইং ইট ফর দ্য প্লট’ দল চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে ‘টিম এজেডই’। এছাড়া ‘বিএডি আরওআই’ দল ইমার্জিং টিম হিসেবে পুরস্কৃত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ৮টি দল উদ্ভাবনী ও কৌশলনির্ভর ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। বাস্তবধর্মী কেস বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলো তাদের বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতির পরিচয় দেয়। 

খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন । 

ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আগামী দিনের স্বপ্ন বুনতে হয় এবং এখান থেকেই বাস্তব জীবনের প্রস্তুতি শুরু করতে হয়। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়। তিনি বলেন, বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের বহুমুখী দক্ষতায় গড়ে তুলতে হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বর্তমান পেশাগত অবস্থান জানতে একটি ট্রেসার স্টাডি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই তা প্রকাশিত হবে। এর মাধ্যমে অ্যালামনাইদের সক্ষমতা ও কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আয়োজক ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিযোগিতার বিচারক প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, প্রতিযোগিতা থাকলেই পার্থক্য স্পষ্ট হয়। বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে ব্যবসায় সফল হওয়া কঠিন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনই এ ধরনের প্রতিযোগিতার মূল শিক্ষা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও দি অফিস অব দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রতিযোগিতার বিচারক সিটি ব্যাংকের এরিয়া হেড ও খুলনা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার হিমাদ্রি শেখর হোর এবং ন্যাশনাল কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন মো. আকিবুর রাহাত জিম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট আহমেদ আল ফয়সাল ও সেক্রেটারি রাহুল ঘোষ।

ক্লাবের ডেপুটি পাবলিক রিলেশন্স অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি নাঈমা শিরিন দীপ্তি ও সদস্য তৌফিকুর সরকার ভুবন অনুুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় অংশগ্রহণকারী দলের সদস্য, ক্যারিয়ার ক্লাবের সদস্য ও আমন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।