বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫

খুবিতে ডিসিপ্লিন প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময়

ছবি : বাসস

খুলনা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)র উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন ।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মাইগ্রেশন কার্যক্রম, কোর্স রেজিস্ট্রেশন, কারিকুলাম উন্নয়ন, হিট-এ প্রকল্প প্রস্তাবনা প্রেরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপাচার্য বলেন, শিক্ষায় সংখ্যার চেয়ে মানকে অগ্রাধিকার দিতে হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশন কার্যক্রম দ্রুত শেষ করে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় মনোযোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করারও নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, একবার কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে অন্য কোনো ডিসিপ্লিনে সুযোগ পেলেও নতুন করে কোর্স রেজিস্ট্রেশনের টাকা পরিশোধ করতে হবে না। 

তিনি বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম উন্নয়ন জরুরি হয়ে উঠেছে। এজন্য কারিকুলাম রি-ভিজিট করতে হবে। একই সঙ্গে হিট-এ প্রকল্প জমা দেওয়ার বিষয়ে সব ডিসিপ্লিনকে প্রস্তাবনা প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমা দিয়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধ করা উচিত। তা না হলে পরীক্ষার সময় ঘনিয়ে এলে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত ক্লাস করতে পারবে না।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. আজমল হুদা এবং সব ডিসিপ্লিনের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।