শিরোনাম

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ওরসে যাওয়ার সময় হাটহাজারীর হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় হামলার শিকার হয়ে নদীতে পড়ে নিখোঁজ মো. সাব্বিরের (২১) মরদেহ চট্টগ্রামের রাউজান থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সকাল ৯টার দিকে হালদা নদীর রাউজানের ছায়ার চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের আব্দুল মান্নানের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে সাব্বির তার ৮ থেকে ১০ জন বন্ধুসহ হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় একটি ওরসে যাচ্ছিলেন নৌকায় চড়ে। পথে তাদের বহনকারী নৌকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় দু’জন নদীতে ঝাঁপ দেন। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির আর ভেসে ওঠেননি। ঘটনা জানার পর পুলিশ ও প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকালে নদী থেকে বালু তোলার সময় লোকজন একজনের মাথা দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান।