বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

মাগুরায় ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

মাগুরা, ১৭ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস): পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ফলের দোকান, তেল-চাউলসহ বিভিন্ন ভোগ্যপণ্য ও মুদিদোকান তদারকি করা হয়।

অভিযানে মেসার্স পবিত্র স্টোর নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যা সংরক্ষণ করে গ্রামের বিভিন্ন দোকানে বিক্রির জন্য রাখা হয়েছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায়, মূল্যতালিকা ও ভাউচার সংরক্ষণে অনিয়ম, ক্ষতিকর রঙযুক্ত ও নকল-ভেজাল পণ্য মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়। 

তিনি আরও জানান, আড়পাড়া বাজারের একটি প্রতিষ্ঠানে এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিক বিপুল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ও যথাযথ হিসাব সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং রমজানে কেউ যেন অসাধু উপায়ে অতিরিক্ত লাভ না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মো. আলমগীর হোসেন এবং জেলা পুলিশের  একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।