শিরোনাম

মাদারীপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার শিবচরে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশু খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত এসব শিশুখাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ওই এলাকার রমজান বেপারী (২০) নামে খাদ্য উৎপাদনকারী কারখানার মালিককে এক মাসের কারাদন্ড ও নকল সিগারেট বিক্রির দায়ে উপজেলার দ্বিতীয়াখন্ড এলাকার রাসেল মোল্লা (৩৫) নামের আরেক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও নকল সিগারেট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে কারখানা স্থাপন করে ভেজাল নানান রকম শিশু খাদ্য তৈরি করছে একটি চক্র। ওই কারখানায় স্বনামধন্য বিভিন্ন কোম্পানির চিপসের আদলে নকল ও ভেজাল চিপস, কোমলপানীয়, জুস, আইসক্রিমসহ শিশুদের জন্য মুখরোচক খাবার তৈরি করে বাজারে বিক্রি করছে তারা। এসকল খাদ্য সামগ্রীর বিএসটিআই’র কোনো অনুমোদন নেই।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় ভেজাল শিশুখাদ্যসহ একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বাজারের আরেক স্থানে অভিযানে বিপুল পরিমাণ নকল, ভেজাল শিশুখাদ্য ও কাঁচামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিশুখাদ্যের পাশাপাশি নকল সিগারেটও জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য, নকল সিগারেট জব্দ করা হয়েছে ওই বাজার থেকে। ওখানে এসকল পণ্য তৈরি করে মোড়কজাত করা হচ্ছিল। এছাড়া তারা বম্বে সুইটসসহ নামীদামী কোম্পানির মোড়কে নকল পণ্য সরবরাহ করছিল। এসময় আমরা জড়িত দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি। একই সাথে নকল ও ভেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’