বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

পঞ্চগড়, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার তেঁতুলিয়া উপজেলায় আজ মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকার সামাদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়ক পারাপারকালে সোহেল রানাকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।