বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঠাকুরগাঁও, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম। শহিদুল পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

ওসি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযান চালায়। সেখানে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন তাঁর সহকর্মীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।