শিরোনাম

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯), মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, একটি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, একটি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং একটি স্টিলের চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।
আটককৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।