বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১

জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আজ ১৬ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। 

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল (অব.) এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।