বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১

রাজবাড়ীতে মাহে রমজানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

রাজবাড়ী, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): মাহে রমজান- ২০২৬ উদ্যাপন উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। 

সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা,   বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং টিসিবির পণ্য বাজারে বিক্রির পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। 

বক্তারা বলেন, পবিত্র রমজানে সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় রোজার পবিত্রতা রক্ষায় মুসুল্লিদের মধ্যে রোজা ও নামাজের আগ্রহ সৃষ্টির জন্য জুমার নামাজের খুৎবায় বক্তব্য রাখতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানানো হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, রাজবাড়ী আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মারুফ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহেল শেখ, জেলা সমাজসেবা কর্মকর্তা রুবাইয়াত মো. ফেরদাউস, কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, চেম্বার অফ কমার্সের ডিরেক্টর নুরুল হক নুর, নিরাপদ খাদ্য বিষয়ক অফিসের প্রতিনিধি মো. আসিফুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন। অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান সভাটি সঞ্চালনা করেন। 

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারণসহ অন্যান্য  প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।