বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩

তারেক রহমানকে মমতা ব্যানার্জীর অভিনন্দন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের জন্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। 

এ সময়ে তিনি তাকে ‘আমার তারেক ভাই’ বলে সম্বোধন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আজ এ অভিনন্দন জানান।

মমতা ব্যানার্জী তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ দুপুর ১ টায় এক বার্তায় বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।

বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

তার শুভেচ্ছা বার্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা প্রেরিত ফলাফল ঘোষণা গতকাল রাত থেকে শুরু করে নির্বাচন কমিশন। 

নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।