বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ডিএমপি নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন। ছবি : বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।

নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি এসময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।