বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২

খুবিতে ভলিবল প্রতিযোগিতায় রসায়ন ও বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

ছবি : বাসস

খুলনা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) :  খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)- ২০২৬ এর ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। 

ছাত্রীদের ফাইনাল খেলায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা ডিসিপ্লিন। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাংলা ডিসিপ্লিনের রুইপাইসং মারমা বেস্ট প্লেয়ার অব দ্য ফাইনাল ও বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

অপরদিকে ছাত্রদের ফাইনাল খেলায় অর্থনীতি ডিসিপ্লিনকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রসায়ন ডিসিপ্লিন। এই ম্যাচেও চমৎকার পারফরম্যান্সের জন্য রসায়ন ডিসিপ্লিনের শামীম বেস্ট প্লেয়ার অব দ্য ফাইনাল ও বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেওয়া উচিত। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।