বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭

খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা 

ছবি : বাসস

খুলনা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হিট-এ গত বছর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৬টি প্রকল্প প্রস্তাবনা জমা দেয়া হয়, যার মধ্যে ৯টি প্রস্তাবনা বরাদ্দ পেয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের সব স্কুল থেকেই প্রকল্প প্রস্তাবনা জমা দেয়া হবে এবং উল্লেখযোগ্য সংখ্যক বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, হিট প্রকল্প থেকে বরাদ্দ পাওয়া গেলে তা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গবেষণার পরিধি বৃদ্ধি, ল্যাব স্থাপন, নতুন ইনস্ট্রুমেন্ট সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়ে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে উপাচার্য ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশন এন্ড ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া’ শীর্ষক সেশন উপস্থাপন করেন। এছাড়া আইকিউএসির পরিচালক ‘কম্পোন্যান্টস অব এটিএফ এন্ড বাজেটারি অ্যালাইনমেন্ট’ শীর্ষক সেশন উপস্থাপন করেন। পরে মুক্ত আলোচনাপর্ব সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।