বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০

রাঙ্গামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলায় র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলায়  র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান উদ্দিন। 

সভায় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহজাহান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, নাটঘর পাঠাগারের সহ সভাপতি নভাশিষ চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বই পড়ার বিকল্প নেই। বই হচ্ছে পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান কখনো ছেড়ে যাবে না। কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকিত সমাজ গড়ে তোলার জন্য পাঠ্যাভ্যাস গড়ে তোলার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর গ্রন্থাগার দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।