শিরোনাম

মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার মো. দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের মো. সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের মো. ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের মো. রানা খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন স্থানে গোপনে মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য পাওয়ার পর বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চলাইট, ৩টি অটোমেটিক ছুরি, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা এলাকায় সক্রিয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।