শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির সুযোগ পাচ্ছেন।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, লাইভস্টক, ফিসারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ভর্তি ফি এবং রেজিস্ট্রেশন ফি ২৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ডিডি বা পে-অর্ডারের মাধ্যমে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’ বরাবর জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত দাপ্তরিক কার্যাবলীর বিষয়ে জানানো হয়, আগামি ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের তালিকা এবং মূল নম্বরপত্রসহ যাবতীয় নথিপত্র কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিভাগে প্রদর্শন করতে হবে। এই নিয়ম পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া, ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পাসের মূল সনদপত্র এবং নম্বরপত্র সঙ্গে আনতে হবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাশের সন ও ন্যূনতম যোগ্যতাসহ অন্যান্য শর্তাবলী যথাযথভাবে যাচাই করে নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ফি আদায় ও ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তির ফলাফল ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে জানা যাবে।