বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩

২.১০ লাখ মেট্রিক টন সার ক্রয় করবে সরকার

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দেশের কৃষকের চাহিদা মেটাতে সরকার বিভিন্ন উৎস থেকে প্রায় ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৫ম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

কমিটি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১১তম ঐচ্ছিক লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে। এর ব্যয় হবে ৩১৯ দশমিক ৫১ কোটি টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৬৫১ মার্কিন ডলার।

একই সরবরাহকারীর মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১৭তম ও ১৮তম লটের আওতায় পৃথকভাবে ৩০ হাজার মেট্রিক টন করে টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতিটি লটের ব্যয় হবে ১৮৪ দশমিক ৫৩ কোটি টাকা।

কমিটি সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ২০২৬ সালের প্রথম লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সুপারিশ করেছে। এর ব্যয় হবে ৩২৩ দশমিক ৯২ কোটি টাকা।

এছাড়া কাফকো, বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার প্রায় ১৫৩ দশমিক শূন্য ৮ কোটি টাকায় এবং সৌদি আরবের স্যাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার প্রায় ২০৫ দশমিক ৩১ কোটি টাকায় আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। 

কর্মকর্তারা জানান, এসব সার আমদানি কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং খাদ্য নিরাপত্তায় সহায়তা করবে।