বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

ঢাবিতে ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান

ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের উদ্যোগে ‘২য় টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ১৯ জন শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বছর প্রতিযোগিতায় চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনসহ মোট ১২৯টি কাজ জমা পড়েছিল। দেশের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার, সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের মধ্য থেকে ১৯টি ক্যাটাগরিতে ৪১টিকে মনোনীত করে।

দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মনোনীত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, প্রতিষ্ঠার ১৪ বছরে টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ তৈরিতে দারুণ সফলতা দেখিয়েছে। তাদের এ সৃজনশীল কাজের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় তিনি পুরস্কারজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগের শিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্যই আমাদের এ আয়োজন। যথাযথ বরাদ্দ পেলে এই বিভাগ বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারাবিশ্বে সৃজনশীল কাজের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে।

তিনি উপস্থিত অতিথিবৃন্দ, জুরিবোর্ডের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী সকলকে বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।