বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০

আইন প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশাবাদ পরিবেশ উপদেষ্টার

আজ ঢাকায় হাইকোর্ট মাজার চত্বরে এক সমাবেশে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হচ্ছে যাতে আইনের সঠিক প্রয়োগ করা যায়। আইন প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত বাংলাদেশ পাবো বলে আশা করছি।

এ সময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে আগামী ছয় মাসের জন্য নীরব এলাকা ঘোষিত এলাকাগুলোতে কীভাবে কাজ করা হবে তার একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।

আজ ঢাকায় হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএনসিসির- সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এক সমাবেশে উপদেষ্টা একথা বলেন।

হর্নের ব্যবহার রোধে বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে এ কথা উল্লেখ করে তিনি জানান, প্রথমবারের মতো বাংলাদেশে আগে এটা হচ্ছে। বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রথমত, হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শুরু হচ্ছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরাসরি জরিমানা করতে পারবেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।