শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারীকৃত এক পত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাম পরিবর্তিত হওয়া কলেজগুলো হলো, ঢাকার মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ করা হয়েছে।
রাজশাহীর বাগমারার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর বর্তমান নাম হবে ‘সাঁকোয়া কলেজ’।
ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।