শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী আন্তঃধর্মীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক উৎসবের উদ্বোধন করেন।
‘সংলাপের খিড়কিতে দেখি সভ্যতার সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে এই বিতর্ক উৎসব আয়োজন করেছে।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং সম্পর্কের অবনতি ঘটছে। বিতর্ক চর্চার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নয়ন এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা সম্ভব। পরবর্তী জীবনের ক্যারিয়ার গঠনে বিতর্ক সাহায্য করে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের সভাপতি রিফাহ তাসনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. এম আব্দুল আজিজ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবরার হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।