বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১

ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ছবি : বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা, সহযোগী অধ্যাপক ড. মো. রাকিব হোসেন।

বিভাগের প্রভাষক শুচি চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের পক্ষে ফারিলা জেবিন রাইদা এবং বিদায়ীদের পক্ষে আহনাফ আহমেদ অনুভূতি ব্যক্ত করেন। 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ফলিত গণিত বিভাগ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই বিভাগের পাঠক্রম ও শিক্ষকদের মান আন্তর্জাতিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। 

বিশ্বমানের গ্র্যাজুয়েট হওয়ার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশে নেতিবাচক কার্যক্রম থেকে দূরে থাকতে  একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে মনোনিবেশ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের সঙ্গে তার পরিবারের স্বপ্ন ও সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। তাই পারিবারিক স্বপ্ন পূরণ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সময়ের সদ্ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা হলেন- নাফিয়া তানজুম নিহা, ফাহিয়া হক আফনান এবং মেহবুবা চৌধুরী।