বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৭
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে : ডা. শফিকুর রহমান

সোমবার চট্টগ্রামের লোহাগাড়ায় এ সি এম উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে। ডাকসু থেকে শুরু জকসুতে এসে থেমেছে। আমরা চাই দুর্নীতি, ব্যাংক ডাকাত, ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ।

আজ সোমবার চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এ সি এম উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়বে যুবকেরা। যুবকেরা ঘুমিয়ে পড়ে নাই। তিনি বলেন, '২৪ না হলে '২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের এই '২৬ এ লাল কার্ড। 

তিনি আরও বলেন, আমরা চাই যুবক-যুবতীরা নিজ যোগ্যতায় বাংলাদেশ গড়ে দেবে। গর্ব করে বলবে এটা আমার বাংলাদেশ।

শফিকুর রহমান বলেন, বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায়, আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম। তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব, জুলাই কাউকে আমরা দেব না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেন, আমি বিএনপিতে ছিলাম। দুইজন সংগঠকদের মধ্যে আমি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যাই। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। অলি আহমদ আরও বলেন, বাংলাদেশে এখন জিয়া, খালেদা জিয়ার বিএনপি নাই। তাই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। তিনি বলেন, আমরা বেইমান, দেশদ্রোহীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। দেশ স্বাধীন রাখতে চাইলে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একটা ভুল ভোটের কারণে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হতে পারে। যোগ্য প্রার্থীকে ভোট দিন। 

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, জামায়াত নেতা হামিদ হোসেন আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনে এনসিপির প্রার্থী এস এম সুজাউদ্দিন প্রমুখ।