শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুরের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে জামিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনা ও শোকের কারণ। অথচ রক্তের দাগ শুকানোর আগেই হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জন আসামিকে আগাম জামিন দেওয়ায় দেশবাসীর প্রশ্ন- তাহলে মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, আমরা মনে করি, একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের মামলায় এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরও উৎসাহিত করবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি জনগণ আস্থা হারাবে।