বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘এআই নেভিগেটর ২০২৬’ প্রশিক্ষণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মসূচি ‘এআই নেভিগেটর ২০২৬’ শুরু হয়েছে। ছবি: বাসস

রাজশাহী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মসূচি ‘এআই নেভিগেটর ২০২৬’ শুরু হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ড অ্যা লিটল হোপ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)- এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ড অ্যা লিটল হোপ, ইউকে (যুক্তরাজ্য)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নুরুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘ভবিষ্যৎ বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর। যারা এখন থেকেই এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে।’ 

শিক্ষার্থীদের জন্য এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উদ্বোনী অনুষ্ঠানে সেন্ড অ্যা লিটল হোপ, ইউকে (যুক্তরাজ্য)-এর কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ‘এআই নেভিগেটর ২০২৬’ কর্মসূচির একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক, সেন্ড অ্যা লিটল হোপ-এর প্রতিনিধি এবং রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এআই-ভিত্তিক এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।