শিরোনাম

ঝিনাইদহ, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান স্টল দিয়েছে। আজ সোমবার ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির প্রতিনিধি, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও আয়োজক ড. মো. আনিচুর রহমান মৃধা বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের এই আয়োজনের লক্ষ্য। মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত প্রদান ও সাক্ষাৎকার শেষে চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারেন। গত বছর আমার প্রায় ১৩৫ জনকে এভাবে চাকরির ব্যবস্থা করেছি। এ বছর আরও বেশি সাড়া পাচ্ছি।